মানিকগঞ্জে গাঁজাসহ দম্পতি আটক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার রাইল্লা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
এরা হলেন চান মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী ময়না বেগম (৩০)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ওই দম্পতি দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করছেন। এ কারণেই সন্ধ্যা ৬টার দিকে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় একজনের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ