ফরিদপুরে শুরু হচ্ছে জাতীয় নজরুল সম্মেলন
ফরিদপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হচ্ছে আজ শুক্রবার। বিকেলে শহরের আম্বিকা ময়দানে এ সম্মেলনের উদ্বোধন হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সম্মেলনের উদ্বোধন করবেন।
উদ্বোধনী দিনের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।
নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে এবারে সম্মেলনের প্রতিপাদ্য ‘বাংলাদেশে নজরুল’।
তিন দিনের এ সম্মেলনে বিভিন্ন পর্বে আলোচনা সভা, একক ও দলীয় আবৃত্তি, সংগীত, নৃত্য, শুদ্ধ বাণী ও সুরে নজরুল-সংগীত প্রশিক্ষণের কর্মসূচি রয়েছে।
এসব অনুষ্ঠানে অতিথি থাকবেন কবি পরিবারের সদস্য খিলখিল কাজী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান, নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহিম, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, খায়রুল আনাম শাকিল, অধ্যাপক মোহীত-উল-আলম, ফাতেমা-তুজ-জোহরা, ড. লীনা তাপসী খান, ড. নাশিদ কামাল, ছন্দা চক্রবর্তী, শহীদ কবির পলাশ প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর