নবজাতক হত্যার দায়ে মায়ের ফাঁসি
নবজাতককে হত্যার দায়ে মাকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন সাতক্ষীরার আদালত।আজ বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফ এ এম রেজা জাকের এ রায় দেন। এ সময় অপর আসামিকে খালাস দেওয়া হয়।
সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গনি জানান, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি কালিগঞ্জের রহিমপুরে আবদুস সাত্তারের পুকুর পাড় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই গ্রামের রিজিয়া খাতুন ও পার্শ্ববর্তী পাইকাড়া গ্রামের বাবু কাপালির ছেলে কাসেম কাপালির সম্পর্কের জের ধরে ওই সন্তানের জন্ম হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নবজাতককে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ রিজিয়া ও কাসেমকে গ্রেপ্তার করে। মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।তারা দুজনেই জামিনে ছিলেন।এরপর থেকে রিজিয়া পলাতক।
এ মামলায় রিজিয়ার অনুপস্থিতিতেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আবুল কাসেমকে।
সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়াউর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আলী আকবর , আমজাদ হোসেন ও শাহ আলম।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা