অপহরণের তিন দিন পর সুটকেসে মিলল ব্যবসায়ীর লাশ
অপহরণের তিন দিন পর পাওয়া গেল ঢাকার রায়েরবাগ এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের লাশ। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালীগাঁও এলাকা থেকে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তাঁর সুটকেসবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর জাহাঙ্গীরের পকেটে থাকা ভিজিটিং কার্ড দেখে তাঁর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তিনি পুলার নামে একটি কয়েল কারখানার কর্ণধার এবং বাংলাদেশ কয়েল ফ্যাক্টরি মালিক সংগঠনের সভাপতি।
স্বজনদের বরাত দিয়ে কুমিল্লা দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস জানান, গত সোমবার বিকেলে ফ্যাক্টরি থেকে বের হয়ে রায়েরবাগ এলাকায় নিজ বাসায় যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। পথে একটি মাইক্রোবাস তাঁর গতিরোধ করে এবং তাঁকে তুলে নিয়ে যায়।
ওই দিন রাতেই অপহরণকারীরা ব্যবসায়ীর স্বজনদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পরপরই অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এসআই ইদ্রিস আরো জানান, মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা জাহাঙ্গীর আলমকে খুন করে লাশ সুটকেসে ভর্তি করে ফেলে রেখে যেতে পারে। তবে তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
লাশ দাউদকান্দি থানা থেকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা