তারা কেউ ইসলামের রক্ষক নয় : শাজাহান খান
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘যারা পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে খুন, রাহাজানি, মিথ্যা কথা বলে, ধর্ষণ-লুটপাটের সঙ্গে জড়িত, তারা কেউ ইসলামের রক্ষক নয়। গতকাল বুধবার সেগুনবাগিচার স্বাধীনতা হলে সমাজের আলেমদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘২০১৪ ও ২০১৫ সালে খালেদা জিয়া যখন পেট্রলবোমা মেরে হেলপার, পুলিশ ও পেশাজীবীদের হত্যা করছিল, তখন বিএনপির তৃণমূলের শ্রমিকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল। ওই সময় কারণ ছিল একটাই, জীবন-জীবিকার প্রশ্ন। সে যখন দেখে তার একজন ভাই, ছেলে ড্রাইভারকে পেট্রলবোমা মেরে হত্যা করা হচ্ছে, তখন সে আর চুপ করে থাকতে পারে না।’
বাসস জানিয়েছে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, ‘আমাদের আলেম-মাশায়েখরা অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তারা নানা উপায়ে মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছে। এমনকি সহায়তা করেছে।’ তিনি আরো বলেন, ‘আলেম-মাশায়েখরা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের কর্মসূচিকে সমর্থন করবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবেদ খান, মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির সহকারী সদস্য সচিব কামাল পাশা, শ্রমিক নেতা আলাউদ্দিন মিয়া, শোলাকিয়া ঈদগাহ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, অধ্যক্ষ আ. আলী, ব্যারিস্টার মাওলানা নূরউদ্দিন মাসুদ প্রমুখ।

অনলাইন ডেস্ক