চট্টগ্রামে চিকিৎসকের শাস্তি দাবি
চট্টগ্রামে ভুল চিকিৎসার অভিযোগ এনে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি এবং সার্জিস্কোপ হাসপাতাল বন্ধের দাবি জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেহেরুন্নেসা রিমার স্বজনরা। আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
গৃহবধূ মেহেরুন্নেসা রিমা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির ভাইয়ের মেয়ে। তিনি গত সোমবার ওই হাসপাতালে একটি সন্তান প্রসব করার পর মারা যান।
৯ জানুয়ারি নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকার সার্জিস্কোপ হাসপাতালের ইউনিট ১-এ সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয় রিমাকে।
মানববন্ধনে রিমার স্বজনরা অভিযোগ করেন, গত রোববার ১০ জানুয়ারি রাতে অস্ত্রোপচার করে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় প্রসূতি রিমাকে। কিন্তু রাতে অস্ত্রোপচার না করে চিকিৎসক শামীমা সিদ্দিকী রোজী অন্য জায়গায় চলে যান। পরের দিন সোমবার ভোরে এসে তাড়াহুড়া করে রিমার শরীরে অস্ত্রোপচার করেন তিনি। এ সময় রিমা একটি সুস্থ সন্তান জন্ম দেন। কিন্তু চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে বিকেলের দিকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়,পরে চিকিৎসক রোজী আবারও জরায়ুতে অস্ত্রোপচার করেন। এ সময় অবস্থার আরো অবনতি হয়ে রিমা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মেহেরুন্নেসা রিমার বাবা মো.খায়রুল বাশার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সার্জিস্কোপ হাসপাতালের চিকিৎসক রোজীর অবহেলা ও ভুল চিকিৎসায় আমার মেয়ে মারা গেছে। এই চিকিৎসক আমার মেয়েকে হত্যা করেছে। এ ধরনের মৃত্যু কখনো মেনে নিতে পারব না। আমরা ডাক্তার রোজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
মানববন্ধন কর্মসূচিতে রিমার স্বজন ছাড়াও এলাকার অনেক লোক অংশ নেয়।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম