যশোরে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিকদের ওপর হামলা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কাভার করতে ঢাকা থেকে যশোরে যাওয়া চ্যানেল টোয়েন্টিফোরের গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শহরের চিত্রা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে টিভি চ্যানেলটির গাড়িচালক আলাউদ্দিন ও ক্যামেরাম্যান রিপন হোসেন গুরুতর আহত হয়েছেন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান জানান, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট কাভার করতে ঢাকা থেকে আসা তাঁদের রিপোর্টার, ক্যামেরাম্যান ও ড্রাইভারের ওপর সন্ত্রাসী কাকনের নেতৃত্বে ১০-১২ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় রিপন হোসেন ও আলাউদ্দিনকে বেধড়ক মারপিট করে তারা। স্থানীয় লোকজন সন্ত্রাসী কাকনকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এদিকে, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়ে শহরের চিত্রা মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
পরে দড়াটানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, আগামীকাল শনিবার বেলা ১১টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আটক করা না হলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আগামীকালের নির্ধারিত মালয়েশিয়া-নেপালের ম্যাচটি সাংবাদিকরা বয়কট করবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের ওপর হামলাকারী কাকন ও তাঁর সহযোগীরা সৈনিক লীগের নেতা পরিচয় দিয়ে শহরে নানা অপকর্ম করে থাকেন।

সাইফুল ইসলাম সজল, যশোর