আসামি হচ্ছেন বিএনপির মেয়র ও সাবেক এমপি
ময়মনসিংহের ফুলপুর ইউএনও সুব্রত পালের বাসায় ককটেল হামলার ঘটনায় আসামি হচ্ছেন ফুলপুর থেকে নির্বাচিত বিএনপির মেয়র ও সাবেক এমপি।
গতকাল রোববার রাতে এমন আভাস দিয়েছেন মামলার বাদী ফুলপুর থানার উপপরিদর্শক তাইজুদ্দিন। গত ৩১ ডিসেম্বর এসআই তাইজুদ্দিন এনটিভি অনলাইনকে বলেছিলেন, অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে তিনি বাদী হয়ে মামলা করেছেন। একই কথা বলেছিলেন ফুলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পালও।
পৌর নির্বাচনের দিন সন্ধ্যা ৭টার দিকে ইউএনও সুব্রত পালের বাসার ভেতরে ও ফটকের পাশে তিনটি করে ছয়টি ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় রাত ১২টায় অজ্ঞাতপরিচয় ৫০/৬০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন উপপরিদর্শক তাইজুদ্দিন। গতকাল রোববার রাতে উল্টো কথা বলেছেন এসআই তাইজুদ্দিন। তিনি বলেন, এফআইআরে বিএনপির নবনির্বাচিত মেয়র আমিনুল হক ও তাঁর প্রধান নির্বাচনী উপদেষ্টা বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের নাম ছিল না। তবে এজাহারে তাঁদের নাম এসেছে, এটা কোনো ব্যাপার নয়।

আইয়ুব আলী, ময়মনসিংহ