চান্দিনায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ
সারা দেশের মতো কুমিল্লার চান্দিনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বই বিতরণ করা হয়।
বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বই দিলাম, এ বইয়ের অযত্ন করবে না, এ বইগুলো যত্ন করে পড়বে, না বুঝলে শিক্ষকদের কাছ থেকে বারবার জেনে নেবে।’
অন্যদের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, নবনির্বাচিত মেয়র মো. মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মোছলেহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মহসিন সরকার, বিশিষ্ট শিল্পপতি মো. রফিকুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

কাজী রাশেদ, চান্দিনা