সারা দেশে ভোটকেন্দ্র ৩৫৫৫, স্থগিত ৩১
সারা দেশে ২৩৪টি পৌরসভায় তিন হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রে একযোগে আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখলসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে ১২টি জেলার ৩১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সঞ্জিব দাস, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনের দুই নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
এ ছাড়া ব্যাপক কারচুপির অভিযোগ এনে বিএনপির মেয়র পদপ্রার্থী সাইফুর রহমান মুকুল মোট নয়টি ভোটকেন্দ্র স্থগিত চেয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। তবে এই আবেদনের পরিপ্রেক্ষিতে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ময়মনসিংহের ভালুকার একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকালে ভালুকা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিতের ঘোষণা দেন।
কাজল বরণ দাস, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ব্যালট বাক্স নিয়ে ৭৮ নং পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ত্যাগ করেন কুয়াকাটা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবির।
হাবিবুর রহমান খান, চাঁদপুর : বিভিন্ন অনিয়মের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জের কাছিয়ারা মাদ্রাসা ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন চলাকালে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট বাক্সসহ বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেন মতলবের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা বেগম।
মো.জালাল উদ্দিন, কুমিল্লা : কুমিল্লার বরুড়া পৌর নির্বাচনে শিলমুড়ি ইউনিয়নের লতিফপুর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সকাল সাড়ে ৭টায় ভোট স্থগিতের নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা লুৎফুর নাহার নাজিম।
এম মুনীর চৌধুরী, নড়াইল : ব্যাপক অনিয়ম এবং কারচুপির অভিযোগে নড়াইলের কালিয়া পৌরসভার চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকালে পূর্বকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, কুলসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন জেলা নির্বাচনি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী : নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ পুরোপুরি স্থগিত করে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে গোলযোগ, কেন্দ্র ভাঙচুর, সহকারী রিটার্নিং কর্মকর্তার ওপর হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার কারণে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন এই স্থগিতের ঘোষণা দেন।
স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে - উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসা, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী সরকারি এস এ কলেজ।
শফিক জামান, জামালপুর : জামালপুরে পৌর নির্বাচনে সংঘর্ষের ঘটনায় তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটে বাধা, কেন্দ্র দখল, কারচুপির অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণ স্থগিত থাকা কেন্দ্রগুলো হচ্ছে- আজাদ প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়।
এ ছাড়া মেয়র পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিংহজানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকালে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখেন রিটার্নিং কর্মকর্তা।
সোহেল হাফিজ, বরগুনা : বরগুনা পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রিসাইডিং কর্মকর্তা, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : আগাম সিল মেরে ব্যালট পেপার ঢোকানোর ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হলো গাছবাড়িয়া স্কুল ও আফলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র। জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্নি এ তথ্য জানিয়েছেন।
এম আর মুর্তজা, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সকালে ভোট গ্রহণ শুরুর আগেই নৌকা প্রতীকে সিল দেওয়া কিছু ব্যালট পেপার জব্দ করার পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন মিঞা এ সিদ্ধান্ত নেন।
মো.মোস্তফা আবিদ, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, সংঘর্ষ ইত্যাদি কারণে মোট পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম হাইস্কুল, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

অনলাইন ডেস্ক