নির্বাচনে কোনো শঙ্কা নেই : সিইসি
আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
আজ সোমবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ত্যাগ করার সময় সিইসি এই কথা বলেন।
সিইসি বলেন, যেহেতু পৌরসভা নির্বাচন রাজনৈতিকভাবে হচ্ছে তাই রাজনৈতিক দলগুলো যেন তাদের অনুসারীদের এবং প্রার্থীরা যেন তাঁদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয় এ ব্যাপারে যেন তাঁরা আমাদের সহায়তা করেন।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, সবার উদ্দেশে বলব, প্রার্থীরা-সমর্থকরা যেন আইনশৃঙ্খলা ভঙ্গ না করেন। যেন আমাদের সহযোগিতা করেন।
সিইসি বলেন, ‘আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যালটসহ সব ধরনের সরঞ্জাম জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রতি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিকতর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনে কোনো শঙ্কা নেই।’

নিজস্ব সংবাদদাতা