নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে নামছে ১৪ দল
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের নামে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে মাঠে নামছেন ১৪ দলের নেতারা। ৯ মার্চ থেকে নৈরাজ্যের প্রতিবাদে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সংবাদ সংস্থা বাসসের সংবাদে প্রকাশ করা হয়েছে, এ কর্মসূচি চলবে ১১ মার্চ পর্যন্ত।
এ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে চারটি আলাদা টিম গঠন করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, বীর বাহাদুর এমপি এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ টিমগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ৯ মার্চ সিরাজগঞ্জ, ১০ মার্চ বগুড়া এবং ১১ মার্চ গাইবান্ধায় পদযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি উপস্থিত থাকবেন।
৯ মার্চ গাজীপুর, ১০ মার্চ মানিকগঞ্জ, ১১ মার্চ মুন্সীগঞ্জে পদযাত্রায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি প্রমুখ ।
৯ মার্চ চট্টগ্রাম, ১০ মার্চ নোয়াখালী ও ১১ মার্চ ফেনীতে পদযাত্রায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রমূখ।
৯ মার্চ কুষ্টিয়া, ১০ মার্চ ঝিনাইদহ ও ১১ মার্চ যশোরে পদযাত্রায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত থাকবেন।
এ পদযাত্রা ও জনসভা কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ, স্থানীয় ১৪ দলসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

অনলাইন ডেস্ক