ধলেশ্বরীতে সাংবাদিক সজীবের লাশ উদ্ধার
সাংবাদিক আওরঙ্গজেব সজীব নিখোঁজ হওয়ার তিনদিন পর তাঁর মরদেহ মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সজীবের সহকর্মী ও স্বজনরা মৃতদেহ শনাক্ত করেছেন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
মরদেহ দেখে সজীবের স্ত্রী মোরশেদা বেগম নিশি অচেতন হয়ে পড়েন। তাঁকে মুন্সীগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাংবাদিক সজীবের সহকর্মী সৈয়দ সোহেল জানান, পরনের শার্ট, চেহারার ধরন দেখে মনে হচ্ছে এই লাশটি সজীবের।
সজীবের ভাই রাজিন আহমেদ বলেন, ‘আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাঁকে হত্যা করা হয়েছে। তদন্ত করলেই তা বের হয়ে আসবে।’
গত ২০ ডিসেম্বর ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হন আওরঙ্গজের সজীব। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি ছিলেন।
সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম জানান, গত সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিদল দিনভর মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবস্থান করে। স্থান নির্ধারণ করতে না পারায় তল্লাশি কার্যক্রম চালাতে পারেনি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ