সংবাদমাধ্যমে পুলিশের ‘শূন্য প্রতিবেদন’
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বিগত অবরোধ ও হরতালসহ নানা কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জে ঘটেছে গাড়িতে আগুন দেওয়াসহ বেশকিছু নাশকতার ঘটনা। এই নাশকতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও নিবারণমূলক বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এতে প্রতিদিনই বিএনপি, জামায়াতে ইসলামী ও শিবিরসহ ওই জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে।
এসব নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে ঢাকা-আরিচা মহাসড়ক এবং জেলার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতা ও পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই সব মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কেউ কেউ জামিনে বের হয়ে আবার নতুন কিংবা পুরোনো মামলায় গ্রেপ্তার হয়েছেন।
এই আটক ও গ্রেপ্তারের বিষয়টি প্রতিদিনই মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে। দেশের অন্যান্য গণমাধ্যমের মতো এনটিভি অনলাইনও পুলিশের বিশেষ অভিযানের খবর প্রকাশ করেছে।
চলমান এই অপরাধ প্রতিরোধ/নিবারণমূলক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কেউ আটক না থাকায় আজ সোমবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে ব্যতিক্রমী এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, রোববার জেলার বিভিন্ন থানা এলাকায় যে কোনো ধরনের ধ্বংসাত্মক ও সহিংস ঘটনা নিবারণমূলক বিশেষ অভিযান পরিচালনা করে কোনো প্রিভেন্টিভ আটক না থাকায় ‘শূন্য প্রতিবেদন’ পাঠানো হলো।


আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ