কুমিল্লায় সীমান্ত থেকে ক্যামেরুনের নাগরিক আটক
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর নিকলি সিমড নামের এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের সীমান্তবর্তী কুমিল্লার গোলাবাড়ি এলাকার কেরানীনগর থেকে তাঁকে আটক করা হয়।
পরে আজ সকাল ১০টার দিকে কুমিল্লার কোটবাড়ী বিজিবি দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়, আটক ব্যক্তি ‘ক্যামেরুনের’ নাগরিক।
এ সময় আটক নিকলি সিমডের কাছ থেকে ভারতীয় ২৪ রুপি ও ৫০০ ইউএস ডলার পাওয়া যায়। তবে তাঁর কাছে বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজ ও পাসপোর্ট পাওয়া যায়নি বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জোনের বিজিবির অতিরিক্ত পরিচালক মো. আতাউল্লা জামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি সীমান্তের কেরানীনগর এলাকায় ওত পেতে ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় তাঁরা ক্যামেরুনের নাগরিক নিকলি সিমডকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন। পরে তাঁর কাছে বাংলাদেশে প্রবেশের কোনো ধরনের বৈধ কাগজ না থাকায় তাঁকে আটক করেন বিজিবির সদস্যরা।
আটক নিকলি সিমডকে কুমিল্লা কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা