বরগুনায় বিদ্রোহী প্রার্থীর পথসভায় হামলা, আ.লীগ প্রার্থীকে নোটিশ
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পথসভায় হামলাসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শাতে বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসান মহারাজকে নোটিশ দেওয়া হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক প্রকৌশলী মো. আবদুল্লাহ গতকাল বৃহস্পতিবার এই নোটিশ দেন। মেয়র পদপ্রার্থী মহারাজকে তিন কার্য দিবসের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বরগুনা পৌরসভার বর্তমান মেয়র মো. শাহাদাত হোসেনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, গত ১৪ ডিসেম্বর শহরের ক্রোক এলাকায় তাঁর একটি শান্তিপূর্ণ পথসভায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক কর্মী ও সমর্থককে আহত করে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী কামরুল আহসান মহারাজের কর্মী ও সমর্থকরা। এ ঘটনায় তাঁর মেয়ে ও জামাতাসহ অনেক নারী ও শিশু আহত হয়।
শাহাদাত হোসেন জানান, কামরুল ইসলাম মহারাজের প্রভাবশালী কর্মী ও সমর্থকদের হুমকিতে তাঁর কর্মী ও সমর্থকরা এখনো নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারছেন না।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, লিফলেট বিতরণকালে তাঁর কর্মী-সমর্থকদের ওপর প্রথম হামলায় চালান শাহাদাত হোসেনের সমর্থকরা। এ সময় তাঁর তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন।

সোহেল হাফিজ, বরগুনা