বরগুনায় বেগম রোকেয়া দিবস পালিত
আলোচনা সভা, র্যালি এবং শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। বুধবার সকালে এ উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার বিজয় বসাক, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মেহেরুন্নেসা মুন্নিসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় নারী নেত্রী, সুশীল সমাজ ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধি এ র্যালিতে অংশ নেয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন শীর্ষক এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ও ক্রেস্ট উপহার তুলে দেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ও পুলিশ সুপার বিজয় বসাকসহ বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানে যাঁদের সম্মাননা দেওয়া হয়, তাঁদের মধ্যে রয়েছেন অর্থনৈতিকভাবে সফল নারী খেনাচিং, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফল রেহেনা বেগম, সফল জননী আনোয়ারা হাকিম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শামীমা বেগম এবং সমাজ উন্নয়নে নাজমা বেগম।

সোহেল হাফিজ, বরগুনা