ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনারের কাজে যোগদান
দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে আজ সোমবার কর্মস্থলে যোগ দেন জি এম সালেহ উদ্দিন। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : এনটিভি
দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ সোমবার প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার জি এম সালেহ উদ্দিন ।
আজ দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজে সালেহ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন চার জেলার প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা। পরে বিভাগীয় কমিশনার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জি এম সালেহ উদ্দিন এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৫ সালে বিসিএসের সপ্তম ব্যাচের জি এম সালেহ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তিন কন্যা সন্তানের জনক।

আইয়ুব আলী, ময়মনসিংহ