পুলিশে নিয়োগ দেওয়ার নামে প্রতারণা, আটক চার
বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নাম করে প্রতারণার সময় মানিকগঞ্জ পুলিশ লাইন থেকে চারজনকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে নিজেদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রার্থী ও অভিভাবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।
আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বারাইচর গ্রামের মুন্নু মিয়া (৩৫), শিবালয় উপজেলার রাধাকান্তপুর গ্রামের আবুল শেখ (৬২), দৌলতপুর উপজেলার জগনাথদিয়া গ্রামের নুর ইসলাম (৪০) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী গ্রামের জাহিদুল ইসলাম (৪০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ বাহিনীতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে সকালে কনস্টেবল পদে ৯৮ জনকে নিয়োগের জন্য মানিকগঞ্জ পুলিশ লাইনে প্রক্রিয়া শুরু হয়। এতে প্রায় দুই হাজার প্রার্থী অংশ নেয়। নিয়োগস্থলে জাহিদুল ইসলাম ওই সহযোগীদের নিয়ে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রার্থী ও অভিভাবকদের সঙ্গে চাকরি দেওয়ার কথা বলেন। তাঁদের দাবি অনুযায়ী প্রার্থী-অভিভাবকরা মোটা অঙ্কের টাকা দেন।
ওসি আরো বলেন, দুপুর দেড়টার দিকে আর্থিক লেনদেনের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ