চটের বস্তা ব্যবহারে কড়াকাড়ি, চট্টগ্রামে বিএফএর ধর্মঘট
মোট ছয়টি পণ্য পরিবহন ও বিপণনে চটের বস্তা ব্যবহারের ওপর সরকারি কড়াকড়ি আরোপের প্রতিবাদে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন- বিএফএ। সারা দেশে অনির্দিষ্ট সময় পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের মাঝিরঘাটে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম খান অভিযোগ করে বলেন, বিভিন্ন সার কারখানা থেকে যে ধরনের প্লাস্টিক বস্তায় সার ডেলিভারি দেওয়া হয় সেটাই উত্তোলনের পর দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। কিন্তু চটের বস্তা ব্যবহারে বাধ্যবাধকতার কথা বলে পথিমধ্যে সারবাহী গাড়ি আটকে হয়রানিসহ জরিমানা করা হচ্ছে। এ বিষয়ে উৎপাদনস্থলে ব্যবস্থা না নিয়ে ডিলারদের হয়রানির প্রতিবাদেই তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে সার পরিবহন, উত্তোলন এবং বিতরণ বন্ধ থাকবে বলে জানান বিএফএর নেতারা। এ সময়ের মধ্যে সরকারি বা বেসরকারি কোনো কারখানা থেকে সার ডেলিভারি নেওয়া হবে না বলেও জানান তাঁরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মতো সরকারি প্রতিষ্ঠানও তাঁদের নামাঙ্কিত প্লাস্টিকের বস্তায় ভরেই সার সরবরাহ করে। এ ক্ষেত্রে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বা ডিলারদের হয়রানি না করে সার সরবরাহের উৎপাদনস্থল থেকেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএফএ।

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম