চট্টগ্রামে ১১ নৌযানকে জরিমানা
চট্টগ্রাম বন্দর চ্যানেলে নানা অনিয়মের অভিযোগে ১১টি নৌযানকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নৌযানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না থাকা, মাস্টারবিহীন জাহাজ চালানো, মাস্টারের সার্টিফিকেট না থাকা, নৌযানে ওভারলোডিংসহ নানা অভিযোগে এসব নৌযানকে জরিমানা করা হয়।
যেসব নৌযানকে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে—টি-১০৫০, এমভি বে অব বেঙ্গল, এমভিপি এম এস-৪, এমভিপি এমএস-১, এমভি ওশান স্টোর, এমভি বিউটি অব ছত্রভোগ, এমভিএনএ-২, এমভি নাসা, এমভি শাবাব-২, এমভি ইলান ভিক্টোরি ও এমভি ইফতি সাইমুম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জানান, বন্দর চ্যানেল প্রতিবন্ধকতামুক্ত রাখা, নদী ও সমুদ্রপথে মালামাল পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করবেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম