মুখ ঢেকে এসে যাজকের খোঁজ নিয়ে গেছে দুর্বৃত্তরা
মাফলার দিয়ে মুখ ঢেকে ছয় যুবক এসে মানিকগঞ্জের এক যাজকের ব্যাপারে খোঁজ নেওয়ায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই যাজক। গতকাল শনিবার বিকেলে শিবালয় থানায় তিনি জিডি করেন। এরপর পরই শিবালয় উপজেলার কাতরাশিন এলাকার ক্যাথলিক চার্চের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, উথলী-জাফরগঞ্জ সড়কের পাশে কাতরাশিন এলাকায় একটি ক্যাথলিক গির্জা রয়েছে। প্রায় ৫০০ গজ দূরত্বের দুটি স্থানে প্রাচীর করা বেশ কয়েকটি ভবনে ধর্মীয় উপাসনালয়, আচার-অনুষ্ঠান ও আবাসিকসহ মিশনের নানা কার্যক্রম পরিচালনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তিনটি মোটরসাইকেলে করে মুখে মাফলার পেঁচানো ছয়জন ব্যক্তি এসে চার্চের ফাদার ডোমিনিক রোজারিওর খোঁজ করেন। এ সময় ফাদার সেখানে নেই বলে আরোহীদের জানান চার্চের এক কর্মচারী। এরপর তাঁরা মোটরসাইকেল নিয়ে চলে যান। দুপুরে চার্চে ফিরে এ ঘটনা শুনে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনার আশঙ্কা করেন ফাদার রোজারিও।
পরে বিকেলে ফাদার থানায় এসে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। এর পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চার্চের সামনে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয় বলেও জানান ওসি।
শিবালয়ের সার্কেল এএসপি হারুণ অর রশিদ জানান, মোটরসাইকেল আরোহীদের এভাবে খোঁজ করা হুমকিরূরুপ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে চার্চ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
গত ৫ অক্টোবর সকালে তিন যুবক মোটরসাইকেলযোগে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারের বাসায় ঢুকে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে একপর্যায়ে তাঁর গলা কেটে হত্যার চেষ্টা করে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ