ঘিওরে শিবিরের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৪
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আল-মামুনসহ (২৬) বিএনপি ও জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আজ রোববার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আল-মামুনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
আটক অন্য ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শিবিরের রুকন মো. আক্কাছ আলী (৪২), উপজেলার কুস্তা গ্রামের ইউনিয়ন শিবিরের সেক্রেটারি মো. জাকির খান (৩২) এবং সিংগাইর উপজেলার উত্তর জামশা গ্রামের বিএনপিকর্মী মো. কাজীমুদ্দিন (২০)। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট থানার পুলিশ বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ওই চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ