কাল হরতাল, রাজধানীতে বিজিবি মোতায়েন
রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে রাজধানীতে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আগামীকাল সোমবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য এই বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবি জনসংযোগ কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। এর প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতালের ডাক দেয় জামায়াত।
একই দিন একই মঞ্চে ফাঁসি কার্যকর করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর।

অনলাইন ডেস্ক