কাল হরতাল ডাকল জামায়াত
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ বুধবার জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালের ঘোষণা দেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে মুজাহিদের অপরাধ সম্পর্কে বলা হয়, একাত্তরের ২৭ মার্চের পর ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে দখলদার পাকিস্তান সেনাবাহিনী ক্যাম্প করে। পরে রাজাকার, আলবদর বাহিনীও সেখানে ক্যাম্প করে। মুজাহিদ ছাত্রসংঘের শীর্ষ নেতা হওয়ার সুবাদে আর্মি ক্যাম্পে নিয়মিত যাতায়াত করতেন। ছাত্রসংঘের ও আলবদর বাহিনীর সুপিরিয়র নেতা হিসেবে আর্মি ক্যাম্পে উপস্থিত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে স্বাধীনতাবিরোধী নানা অপরাধের পরামর্শ ও ষড়যন্ত্র করতেন। এ ধরনের পরামর্শ ও ষড়যন্ত্রের মাধ্যমে মুজাহিদ ১০ ডিসেম্বর থেকে পরিচালিত বুদ্ধিজীবী নিধনসহ হত্যা, নির্যাতন, বিতাড়নের মতো যাবতীয় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করেন।

অনলাইন ডেস্ক