ফরিদপুরের কিশোর ভ্যানচালক হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কিশোর ভ্যানচালক হাবিবুর রহমানের (১৪) হত্যার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ হত্যারহস্য উদঘাটন উপলক্ষে সোমবার দুপুর ১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
অতিরিক্ত পুলিশ সুপার লিখিত বক্তব্যে জানান, ভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর হাবিবুরকে অপহরণ ও হত্যা করা হয়। তাকে হত্যা করতে পাঁচজন অংশ নেন। এর মধ্যে দুইজনকে গতকাল রোববার বেলা ১১টার দিকে বোয়লামারীর চিতারবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামের মো. তাইজুল ওরফে আকাশ (২৬) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার পাঙ্খারচর গ্রামের শাহ আলম মোল্লা (২২)।
জামাল পাশা আরো জানান, এ অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত অপর ব্যক্তিরা হলেন বোয়ালমারীর ময়েনদিয়া এলাকার বাদশা সিকদার (৩৫) ও নয়ন সরদার (৩৫) এবং সালথার সোনাপুরের রাসেল। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর