নারায়ণগঞ্জের ৩ কাউন্সিলর বরখাস্ত
নাশকতার মামলায় দেওয়া অভিযোগপত্রে নাম থাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর এলাকার বিএনপি সমর্থিত তিন কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ।
আজ রোববার বিকেলে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন আইন ২০০৯ এর ১২ ধারা অনুযায়ী পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার।
এঁরা হলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন।
চলতি বছরের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০ জানুয়ারি সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবুল কালাম, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ ১৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করে।
পরে পুলিশ তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও তিন কাউন্সিলরসহ ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ