রেললাইন পার হতে গিয়ে মৃত্যু
কুমিল্লা নগরীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তাঁর মেয়েশিশু। আজ রোববার বিকেলে নগরীর মুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নি আক্তার মুরাদনগর উপজেলার জাদ্দা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তাঁর মেয়েশিশু সালমাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানিয়েছেন, মুন্নি আক্তার মেয়ে সালমাকে নিয়ে মুড়াপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা