নাশকতার আশঙ্কায় বান্দরবানে জেলা জামায়াতের আমির আটক
বান্দরবানে জেলা জামায়াতের আমির আব্দুচ সালাম আজাদকে আটক করেছে পুলিশ। ফাইল ছবি : এনটিভি
বান্দরবানে জেলা জামায়াতের আমির আব্দুচ সালাম আজাদকে আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টির আশঙ্কায় আজ শনিবার বিকেলে জেলা শহরের চেয়ারম্যানপাড়ার বাসা থেকে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাশকতা সৃষ্টির আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুচ সালাম আজাদকে চেয়ারম্যানপাড়ার ভাড়া বাসা থেকে আটক করেছে। আটকের পর সদর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতের আমিরের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতের আমিরকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। তবে কোন ঘটনায় জামায়াতের আমিরকে আটক করা হয়েছে বিষয়টি পরিষ্কার করেনি পুলিশ।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান