ফরিদপুরের পেঁয়াজ বাজারে প্রশাসনের অভিযান
দেশে পেঁয়াজের লাগামহীন ঊর্ধ্বগতি দামের কারণে ফরিদপুরের বিভিন্ন বাজারে প্রশাসনের উচ্চপদস্থ দল অভিযান চালিয়েছে। আজ বুধবার সকালে ফরিদপুরের তিতুমীর কাঁচা বাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজারের আড়ৎপট্টিতে এ অভিযান হয়।
অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় বাজারের ব্যবসায়ীরা বলেন, তারা জেলার বিভিন্ন ছোট হাট থেকে পেঁয়াজ কিনে এখানে বিক্রি করেন। এখানে দাম বেশি নেওয়ার সুযোগ নেই।
তবে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য কৃষকদের দায়ী করেছেন।
এদিকে, যুগ্ম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, একদিনে পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য কেউ না কেউ দায়ী। আমরা তা খতিয়ে দেখার চেষ্টা করছি।
যুগ্ম সচিব আরো বলেন, ‘নতুন নতুন দেশ থেকে পেঁয়াজ আসছে। নতুন পেঁয়াজও আবার এক মাসের মধ্যে উঠে যাবে। কিন্তু এ সময়টায় যে জিনিসটা হবে সেটা ব্যবসায়ী হিসেবে আপনাদের যে দায়বদ্ধতা জনগণের প্রতি সেটা হলো, আপনি অবশ্যই লাভ করবেন কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করে, মানুষকে যেন জিম্মি না করা হয়। এটা এক ধরনের এবাদত।’
এ সময় স্থানীয় ব্যবসায়ীদের পেঁয়াজের দাম সহনশীল পর্যায়ে রাখার অনুরোধ করেন যুগ্ম সচিব।

সঞ্জিব দাস, ফরিদপুর