ফরিদপুরের মধুখালীতে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী মৃধার বাজারে আগুন লেগেছে। আগ্নিকাণ্ডে ওই বাজারের বিভিন্ন ধরনের ১৪টি দোকান পুড়ে গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে একটি পাটের গুদাম থেকে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার ওই তথ্য জানান।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বাজারের পাটের গুদাম, মুদিখানা, কাপড়, সিমেন্ট, পাইপ, হার্ডওয়ারসহ বিভিন্ন ধরনের ১৪টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
টিটব সিকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ তিনি আরো বলেন, ‘ওই সময় বালিয়াকান্দি উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট রওনা দেয়। তবে মধুখালী-বালিয়াকান্দি সড়ক খারাপের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। যদি ওই দুটি ইউনিট সময় মতো ঘটনাস্থলে আসতে পারত তাহলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো। ক্ষতির পরিমাণ জানতে আমাদের তদন্ত টিম কাজ করছে।’
এদিকে ঘটনার পর মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর