মুন্সীগঞ্জে নিখোঁজের চারদিন পর যুবকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার একটি ঝোঁপ থেকে নিখোঁজের চারদিন পর মো. জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বাঘরা এলাকার আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাহিদুল পূর্ব বাঘরা এলাকার মৃত মল্লুক চাঁনের ছেলে। এ ছাড়া তিনি বাঘরা এলাকার চাঞ্চল্যকর শাহাবুদ্দিন হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি মো. রুবেলের ছোট ভাই।
পুলিশ জানায়, গত শনিবার নিখোঁজ হন জাহিদুল। পরের দিন তাঁর বোন শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের চারদিন পর আজ সকালে নিজ বাড়ির আধা কিলোমিটার দূরে আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা প্রস্তুতি চলছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ