গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বাচ্চু মিয়ার বাড়ি উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে।
স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান মজলিস মাখন জানান, স্ত্রী-সন্তান নিয়ে সংসারে বাচ্চু কৃষিকাজ করতেন। সকালে বাড়ির মেহগনি গাছ কাটছিলেন তিনি। এ সময় ডাল গিয়ে সেখান দিয়ে নেওয়া বিদ্যুতের সঞ্চালন তারে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের বিভিন্ন স্থানে চামড়া পুড়ে গুরুতর আহত হন বাচ্চু।
চেয়ারম্যান আরো বলেন, স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাচ্চু মিয়ার মৃত্যু হয়। এরপর স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ