মুক্তচিন্তার ব্লগার ও প্রকাশকদের হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ
মুক্তচিন্তার ব্লগার ও প্রকাশকদের হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
আজ রোববার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এতে অংশ নেয় উদীচী, গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্মূল কমিটি, খেলাঘর, উত্তরণসহ বিভিন্ন সংগঠন।
এ সময় গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম আরজু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন খান, জেলা উচীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ওয়াজেদ আলম, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, আরশেদ আলী মাস্টার, ছাত্রলীগ নেতা তাপস সাহাসহ অনেকেই।
বক্তারা ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং ধর্মের নামে মৌলবাদী জঙ্গিগোষ্ঠী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও সন্দেহ প্রকাশ করেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ