সাক্ষ্য দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। মঙ্গলবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে তিনি এ সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণের পর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে আংশিক জেরা করেন। আংশিক জেরার পর বিচারক মো. শাহেদ নূর উদ্দিন আগামীকাল বুধবার পর্যন্ত জেরা মুলতবি করেন। এ নিয়ে মামলাটিতে ১৯৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহকারী অ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল সাংবাদিকদের সাক্ষ্যগ্রহণের তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষ্যগ্রহণের সময় সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
অন্যদিকে জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।

নিজস্ব সংবাদদাতা