সাভার পৌরসভার মেয়র গ্রেপ্তার
রানা প্লাজা ধসের মামলার অন্যতম আসামি সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে পৌর এলাকার কর্ণপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সাভার এলাকায় বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টাসহ রেফাত উল্লাহর বিরুদ্ধে সাভার থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া তিনি রানা প্লাজা ধসে পড়ার মামলার অন্যতম আসামি।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় রেফাত উল্লাহকে পৌর মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। পরে তিনি জামিনে এসে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সম্প্রতি তিনি আবারো দায়িত্ব ফিরে পান। পৌর মেয়রকে সাভার থানা হেফাজতে রাখা হয়েছে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল বলেন, ‘গতকাল জামায়াত-শিবিরের যে চারজনকে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রেফাত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।’ গতকাল শনিবার রাতে সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
এর আগে সকালে নাশকতার মামলায় বিএনপির আশুলিয়া থানার সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

জাহিদুর রহমান