ইমাম হোসেনের আত্মত্যাগ মুসলমানদের জন্য শিক্ষণীয় : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, ইসলামের কল্যাণে ইমাম হোসেনের আত্মত্যাগ প্রত্যেক মুসলমানদের জন্য শিক্ষণীয়। কারবালার মর্মান্তিক এই আত্মত্যাগের চেতনায় মুসলমানদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে আশুরার তাৎপর্য ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘বিদায় হজে হজরত মুহাম্মদ (সা.) ভাষণে বলেছিলেন, তোমরা কখনো হত্যার মতো জঘন্য কাজ করো না। কিন্তু মধ্যপ্রাচ্যে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে, রেহাই পাচ্ছে না শিশুরাও।’
ফজলে রাব্বি মিয়া প্রশ্ন রেখে বলেন, ইসলামে হত্যার কোনো বিধান নেই। তারপরও পশ্চিমা বিশ্ব কেন সোচ্চার হচ্ছে না?
মানিকগঞ্জ সদর উপজেলার ‘গড়পাড়া ইমামবাড়ির’ খাদেম শাহ্ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাইম আহমেদ খান, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, ইরানি অতিথি হাজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন, হামিদ রেজা রেজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে গড়পাড়া ইমামবাড়ি থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি গড়পাড়া থেকে হেঁটে আট কিলোমিটার দূরত্বে মানিকগঞ্জ শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এসে আলোচনা সভায় যোগ দেয়।
প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়িতে শুক্রবার রাত থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড তাজিয়া মিছিল এসে জড়ো হয়। হাজারো ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে গড়পাড়া ইমামবাড়ি। সারা রাত সেখানে জারি, সারি, মার্সিয়া, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, ঢাকার হোসেনী দালানে বোমা হামলায় হতাহতের ঘটনার পর থেকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়। আজ শনিবার সকাল থেকেই ইমামবাড়িসহ মানিকগঞ্জ শহরে র্যাব ও বিজিবি টহল দেয়। গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ