মানিকগঞ্জে মন্দিরের মূর্তি ভাঙচুর
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের চাননগর গ্রামে শীতলা দেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই মূর্তি ভাঙচুর করে। পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাননগর শ্মশান কালীমন্দিরের পাশেই শীতলা দেবীর মন্দির। আজ ভোরে স্থানীয় শ্রীদাম চন্দ্র ও সুবল চন্দ্র নামের দুজন ওই মন্দিরে ভক্তি করতে যান। এ সময় তাঁরা দেখতে পান মন্দিরে শীতলা দেবীর মূর্তি নেই। পরে ওই দুজন মন্দিরের পাশের একটি ডোবা জায়গায় ভাঙাচোরা মূর্তি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ওই গ্রামের বিশ্বজিৎ চন্দ্র সাহা জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ