মানিকগঞ্জে ধানক্ষেতে বৃদ্ধার লাশ
মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব পুটাইলের চর এলাকার ধানক্ষেত থেকে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। আনুমানিক ৭০ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল জানান, সকালে স্থানীয় লোকজন ওই চকে কাজ করতে গিয়ে দুর্গন্ধের সূত্র ধরে ধানক্ষেতে ওই নারীর অর্ধগলিত লাশ দেখেন। এরপর বিষয়টি জানালে দুপুর ১২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত আশপাশের এলাকার মানুষ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে ওই বৃদ্ধার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আর পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ