টাকায় বঙ্গবন্ধুর ছবি বিকৃত, শিক্ষক কারাগারে
টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে জামায়াতে ইসলামীর নেতাদের ছবি আকার অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সিঙ্গাইর উপজেলার বাস্তা আশরাফিয়া জামিউল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নাসির উদ্দিন (৩৫)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দামদরদী গ্রামে।
সিঙ্গাইর থানার পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে বাস্তা আশরাফিয়া জামিউল উলুম মাদ্রাসার এক ছাত্র মাদ্রাসার কাছে বাস্তার মোড়ে মিলন হোসেনের দোকানে কেনাকাটা করতে যায়। মূল্য পরিশোধের সময় ওই ছাত্র বেশ কিছু টাকা দোকানিকে দেয়। দোকানি দেখতে পায় নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজার আদেশ পাওয়া মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, মীর কাশেম আলী ও কামারুজ্জামানের ছবি আঁকা ছিল। দোকানি টাকাগুলো স্থানীয় লোকজনকে দেখায়। ছাত্রটি জানায় মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন তাকে ওই টাকাগুলো দিয়ে পাঠিয়েছেন। লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে। এরপর অভিযান চালিয়ে রাতে নাসির উদ্দিনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এ ঘটনায় আপাতত ওই মাদ্রাসা শিক্ষককে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে জব্দ করা নোট আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নোটে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার ঘটনায় আদালত রাষ্ট্রদ্রোহ মামলা বা অন্য কোনো মামলা করার নির্দেশ দিলে তা করা হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ