তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিল ৩১ ডিসেম্বর
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউল হকের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু আজ পুলিশ প্রতিবেদন দাখিল না করায় সংশ্লিষ্ট আদালতের বিচারক আগামী ৩১ ডিসেম্বর এ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।’ পরে আবার গত বছরের ২ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে গত বছরের ৫ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি।’
এ সব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের সুনাম ক্ষুন্ন হয়েছে এমন অভিযোগ এনে গত বছরের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন।
এ মামলায় ফখরুল ইসলাম আলমগীর সিএমএম আদালত থেকে জামিনে আছেন। অন্যদিকে চলতি বছরের ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তারেকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন।
এদিকে একই ঘটনায় গত বছরের ১৭ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. মনির খান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মানহানির আরেকটি মামলা করেন।
গত বছরের ১০ ডিসেম্বর তারেকের বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিএমএম আদালত।
একই ঘটনায় গত বছরের ২১ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি মামলা করেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান। এ মামলায় তারেকের বিরুদ্ধে একই তারিখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা