‘মায়েরাই পারে অগ্রণী ভূমিকা রাখতে’
স্কুলে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মায়েদের উদ্বুদ্ধ করতে কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চান্দিনার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকসী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।
বক্তব্যে আলী আশরাফ বলেন, ‘সুখে-দুঃখে সব সময় মানুষ মাকেই ডেকে থাকেন। সুতরাং এ পৃথিবীতে মায়ের ভূমিকাই বেশি। তাই মায়েরাই পারেন শারীরিক, মানসিক ও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করতে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) হাসানুজ্জামান কল্লোল, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, কুমিল্লার সিভিল সার্জন মুজিব রহমান, সাবেক পুলিশ সুপার (এসপি) মালেক খসরু, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন প্রমুখ।

কাজী রাশেদ, চান্দিনা