অপসোনিনের লুণ্ঠিত কাভার্ডভ্যান উদ্ধার, গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের মানড়া এলাকা থেকে লুণ্ঠিত অপসোনিন ফার্মাসিটিক্যালসের ওষুধের কাঁচামাল ও কার্ভার্ডভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির প্রায় দুই সপ্তাহ পর গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযানে তাদের গ্রেপ্তার করে।
এঁরা হলেন ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকার মাসুদ রানা (২৫), মান্নান মিয়া (৪২) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকুট এলাকার ফরহাদ হোসেন (৩৩)।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ১ অক্টোবর বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ওষুধের কাঁচামাল নিয়ে একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। রাত সাড়ে ৭টার দিকে মানড়া এলাকা পৌঁছালে একদল ডাকাত কাভার্ডভ্যানের চালক আলামিন হোসেন ও তাঁর সহকারী শহীদুল ইসলামকে মারপিট করে মালপত্রসহ গাড়ি লুণ্ঠন করে।
এ সময় ওই চালক ও তাঁর সহকারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে আশুলিয়ার থানার জিরাবো এলাকায় ফেলে রেখে যায় ডাকাতরা। তাঁরা বিষয়টি অপসোনিন ফার্মাসিটিক্যালস কোম্পানিকে জানালে গত ৩ অক্টোবর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়।
এরপর গত সোমবার ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে জবাববন্দি দেন তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ফরহাদ ও মান্নানকে গ্রেপ্তার করা হয়।
আর বুধবার রাতে টঙ্গী উপজেলার চেরাগ আলী এলাকা থেকে লুণ্ঠিত ওষুধের কাঁচামালের মধ্য থেকে প্রায় আড়াই লাখ টাকার মালমালসহ গাড়ি উদ্ধার করা হয়। বাকি মালমালসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ