চিকিৎসক হওয়ার আশা কেড়ে নিল চকবাজার
বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ইমরোজ ইমতিয়াজ রাসুর আশা ছিল, চিকিৎসক হয়ে নিজ এলাকার মানুষদের চিকিৎসা করবেন। শিক্ষক মা-বাবার আশাও ছিল তাই। কিন্তু সেই আশা কেড়ে নিয়েছে পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ড।
আজ শুক্রবার সকালে নিজ এলাকা পাবনার বেড়া উপজেলায় পৌঁছেছে রাসুর মরদেহ। উপজেলার নতুন ভারেঙ্গা স্কুলমাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের ছেলে রাসু। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাসু ছিলেন তৃতীয়।
মানুষ গড়ার কারিগর শিক্ষক মা-বাবার মতো ছেলেও মানুষের সেবা করবে, এমনটাই আশা ছিল শিক্ষক দম্পতির। কিন্তু চকবাজারের ট্র্যাজেডি সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। ছেলেকে হারিয়ে বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা।
আজ সকালে রাসুর মরদেহ এলাকায় এসে পৌঁছালে শত শত মানুষ রাসুকে একনজর দেখার জন্য ভিড় করেন। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ।
নতুন ভারেঙ্গা স্কুলমাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় রাসুর মরদেহ।
জানাজায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আমান সিদ্দিকিসহ রাসুর সহপাঠী, স্কুলের শিক্ষার্থী, গ্রামবাসীসহ স্থানীয় রাজনৈতিক ও সামজিক ব্যক্তিবর্গ।

এ বি এম ফজলুর রহমান, পাবনা