মাগুরায় অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু
মাগুরায় শালিখা উপজেলায় থৈ-পাড়া গ্রামে অনিমা (৩০) ও তাঁর এক বছরের কন্যা শিশু শ্রুতি নিজঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। প্রতিবেশীদের দাবি, নিজ ঘরে ধানের গোলার মধ্যে ঢুকে নিজেই আগুন ধরিয়ে শিশুসহ আত্মহত্যা করেছে অনিমা।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। দুপুরে শিশু শ্রুতি ও সন্ধ্যায় অনিমা মারা যায়। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে।
প্রতিবেশীরা জানায়, থৈ-পাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে কৃষক সুমন বিশ্বাসের সঙ্গে দুই বছর আগে ঝিনাইদহ জেলার বামন আইল গ্রামের গৌতম বিশ্বাসের মেয়ে অনিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে অনিমার উপর তাঁর স্বামী সুমন ও তাঁর পরিবারের অন্যান্যরা নানাভাবে নির্যাতন করে। সম্প্রতি বাড়ি থেকে একটি সোনার গহনা হারিয়ে গেলে এর দায় চাপানো হয় অনিমার ওপর।
শালিখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ হাফিজ বলেন, ‘স্বামী ও শ্বশুর শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়। আজ সকালে ধানের গোলার ভেতরে শিশুকে নিয়ে গিয়ে অনিমা নিজের গায়ে কেরোসিন ঢেলে দেয়। পরে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে আসে।’
হাফিজ জানান, প্রতিবেশীরা মা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান জানান, মা ও শিশুটির প্রায় ৯০ ভাগই দগ্ধ হওয়ার কারণে তাদের বাঁচানো যায়নি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম আবু জিহাদ জানিয়েছেন, এ ঘটনায় প্রাথমিকভাবে অনিমার স্বামী সুমন বিশ্বাস এবং শাশুড়ি মনিমালাকে আটক করা হয়েছে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা