মানিকগঞ্জে তিনটি সেতুর উদ্বোধন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের তিনটি আঞ্চলিক সেতুর উদ্বোধন এবং শহরের এক কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী গণভবন থেকে মানিকগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে, মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের ১২ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ৪৬.৪৪২ মিটার নয়াকান্দি সেতু, সাত কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ১০২ মিটার কিটিংচর সেতু ও গোলড়া-সাটুরিয়া সড়কের সাত কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৮৭.৫৬ মিটার সাটুরিয়া সেতু এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত পাঁচ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ