যশোরে বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোর জেলা কমিটির গুরুত্বপূর্ণ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
যশোর জেলা বিএনপি আজ মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় সেখানে সহ-সভাপতি আবু মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, ঝিকরগাছা বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা এলাহী টিপু, শার্শা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহিরসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা অভিযোগ করেন, বিএনপির জেলা পর্যায়ের কমিটিগুলোর পুনর্গঠন বাধাগ্রস্ত করতেই এভাবে একের পর এক মিথ্যা অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া ও আটক করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে অচিরেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
গত সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি নাশকতা মামলা করে পুলিশ। এর আগের রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হককে তাঁর নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।

সাইফুল ইসলাম সজল, যশোর