নারায়ণগঞ্জে উজ্জ্বল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার দুবাইপ্রবাসী উজ্জ্বল হোসেন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অন্য ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সুজন (২৪), তাঁর বাবা আবুল কাশেম (৫০), কালু (৪৮) ও আজমান (২৬)। সুজনের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানার রায়ও দেন আদালত। এ সময় দণ্ড পাওয়া আসামি সুজন আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রহিম জানান, ২০১২ সালের ১৬ জুন একটি ম্যাচলাইট নিয়ে সোনাকান্দা এলাকার লুৎফর রহমানের প্রবাসী ছেলে উজ্জ্বল হোসেনের সঙ্গে একই এলাকার আবুল কাশেমের ছেলে সুজনের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সুজন ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে দিনের বেলায় উপর্যুপরি কুপিয়ে উজ্জ্বলকে হত্যা করে।
এই ঘটনায় সেদিনই রাতে নিহতের বাবা লুৎফর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। অন্য ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। তাঁরা হচ্ছেন আনার বেগম (৩০), আঙ্গুরী বেগম (৫২), মুক্তি বেগম (২৩), লিপর (২৩), পারভীন (৩০) ও মালেকা (৬৫)।
রায় ঘোষণার পর নিহত উজ্জ্বলের মা বকুল বেগম বলেন, রায় হওয়ায় তিনি খুশি। এখন এর দ্রুত বাস্তবায়ন চান। তিনি প্রশ্ন তোলেন, আসামিরা সবাই মিলে তাঁর ছেলেকে হত্যা করেন। চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো কিন্তু অন্যরা কীভাবে খালাস পেলেন তিনি জানেন না। এখন তিনি কী করবেন বুঝতে পারছেন না।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ