খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ অক্টোবর
ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণি-পেশার মধ্যে বিরোধ সৃষ্টির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরু মিয়া এ দিন ধার্য করেন।
২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে নালিশি মামলাটি করেন। পরে বিচারক মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শাহবাগ থানার একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আবেদন থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুভ বিজয়ার অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’
ওই অনুষ্ঠানে খালেদা জিয়া আরো বলেন, ‘আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।’
উল্লিখিত বিষয়কে উসকানিমূলক উল্লেখ করে মামলা দায়ের করেন এ বি সিদ্দিকী।

নিজস্ব সংবাদদাতা