হাইকোর্টের আদেশ গ্রহণযোগ্য নয় : ফখরুল
দলের সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ‘গ্রহণযোগ্য’ নয়। হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশের পর আজ বুধবার রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি এজন্য যে, একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে একটা রিট পিটিশনের বিষয়ে কোর্টের আদেশ একেবারেই নজিরবিহীন। আমাদের কাছে এটা গ্রহনযোগ্য নয়। রাজনৈতিক দল নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলে, সেই গঠনতন্ত্রটা যেটা থাকে সেটাই চূড়ান্ত। সেক্ষেত্রে এই ধরনের রুল কতটুকু গ্রহণযোগ্য তা আইনজীবীদের মতামত চাওয়া হয়েছে। আইনজীবীরা বলেছেন এটা গ্রহণযোগ্যই না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এ বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই। এটাই আমাদের মূল কথা।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘এটা পুরোপুরি রাজনৈতিক বিষয়। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবিলা না করে সম্পূর্ণভাবে আদালতকে ব্যবহার করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সংবিধানে যতগুলো সংশোধনী এনেছে সেগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে আনেনি, আদালতের একটা রায় নিয়ে সংশোধন করেছে।’
ফখরুল বলেন, ‘সরকার সব কিছুতে আদালতের আশ্রয় নিয়েছে। গ্রামে কিছু দুষ্ট মোড়ল থাকে তারা প্রতিপক্ষকে কাবু করার জন্য মিথ্যা ও সাজানো মামলা করে। ক্ষমতাসীনরাও সেটা করছে। এখন একটা পার্টির প্রধান কে হবেন, কে হবেন না, সদস্য কে হবেন, হবেন না— সেটা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত হবে। এজন্য আমরা মনে করছি যে, এই রিট পিটিশন এবং এটা বিএনপির বিরুদ্ধের একটা সামগ্রিক চক্রান্ত যেটা চলছে এটা তারই একটা অংশ।’
বিএনপির মহাসচিব বলেন, ‘মূলত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে একটা চক্রান্তে সেই চক্রান্তের ফলশ্রুতিতে দেশনেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। সেই চক্রান্তের কারণে তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হচ্ছে সেই চক্রান্তেই।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘সরকারের মূল উদ্দেশ্য একটাই; বিএনপিকে ধ্বংস করা। এ ক্ষেত্রে তারা দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিএনপিকে সহজেই ধ্বংস করা যাবে না, নির্মূল করা যাবে না। অতীতেও বিএনপিকে ধ্বংসের চেষ্টাও সফল হয়নি।’

নিজস্ব সংবাদদাতা